কোলাঘাটে দুর্ঘটনা গাড়ি থেকে ছিটকে পড়লেন মহিলা যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু - The News Lion

কোলাঘাটে দুর্ঘটনা গাড়ি থেকে ছিটকে পড়লেন মহিলা যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু




দি নিউজ লায়ন ;  কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। কয়েক ফুট দূরে ছিটকে পড়লেন গাড়ির চালকসহ এক মহিলা আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে। খড়্গপুরের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে একটি প্রাইভেট কার হাওড়ার দিকে যাচ্ছিল। কোলাঘাটের বড়দাবাড় গ্রামের কাছে


গাড়ির চালক কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি বেশ কয়েকবার পাল্টি খেয়ে রাস্তার বিপরীত লেনে চলে যায়। গাড়ি থেকে ছিটকে পড়েন চালক এবং এক মহিলা আরোহী। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মহিলা আরোহীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গাড়িচালকের অবস্থাও আশঙ্কাজনক। 


তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে নিহত মহিলার পরিচয় সম্বন্ধে কিছু ধোঁয়াশা রয়েছে। গাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেখান থেকে আন্দাজ করা হচ্ছে মহিলার নাম খুব সম্ভবত সুস্মিতা পাড়ুই। কোলাঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া গাড়ির নম্বর দেখে তার মালিকের খোঁজ করা হচ্ছে।


 গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, কিভাবে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। এদিকে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.